টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৩:৩২
 
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার দুপুর একটায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ ওভার শেষে বিনা উইকেটে ৪ রান। ব্যাট করছেন দুই ওপেনার ইমরুল কায়েস (৩) ও তামিম ইকবাল(১)। 
 
এর আগের দুইটি ম্যাচে জয় পাওয়ায় সিরিজ জয় করে নিয়েছে স্বাগতিকরা। আজকের ম্যাচ জিততে পারলে আরেকটি হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। 
 
২০০৬-০৭ মৌসুমে দেশের মাটিতে প্রথমবারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ৫-০ ব্যবধানে জেতে স্বাগতিকরা। আইসিসির কোন পূর্ণ সদস্যকে সেবারই প্রথম হোয়াইটওয়াশ করে বেঙ্গল টাইগাররা। গত ডিসেম্বরের ফলাফলও ছিল ৫-০।
 
তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ হোয়াইটওয়াশ করার প্রথম স্বাদ পায় ২০০৫-০৬ মৌসুমে। কেনিয়াকে নিজেদের মাটিতে প্রথমে ৪-০ ব্যবধানে হারানোর পরেই তাদের মাটিতে বাংলাদেশ জেতে ৩-০ ব্যবধানে।