২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে কাল হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বহিষ্কারাদেশ কাটিয়ে ইনজুরি আক্রান্ত আর্জেন্টিনার বিপক্ষে কাল ব্রাজিল দলে দেখা যাবে সুপারস্টার নেইমারকে।
গত জুনে কোপা আমেরিকা টুর্নামেন্টে প্রাপ্ত চার ম্যাচের বহিষ্কারাদেশের শাস্তিতে থাকায় নেইমার ব্রাজিলের প্রথম দুটি ম্যাচে দলে ছিলেন না। বাছাইপর্বে ঐ ম্যাচ দুটিতে চিলির বিপক্ষে ২-০ গোলে পরাজিত হলেও ভেনিজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে জয়ী হয়ে ঘুরে দাঁড়ায় দুঙ্গার দল। কাল অবশ্য বুয়েন্স আয়ার্স সফরে আর বসে থাকতে হচ্ছে না নেইমারকে। পাঁচবারের বিশ্বজয়ীদের দলে ফিরে আসায় খেলোয়াড়রাও রয়েছে ফুরফুরে মেজাজে।
বাছাইপর্বে আর্জেন্টিনার শুরুটাও অবশ্য মোটেই ভাল হয়নি। প্রথম দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে পরাজয় দিয়ে শুরু, এরপর প্যারাগুয়ের সাথে তাদের মাটিতে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে। এই ফলাফলে আর্জেন্টাইন ম্যানেজার জেরার্ডো মার্টিনো বেশ চাপের মুখে আছেন। ইতোমধ্যেই তারকা সমৃদ্ধ দল নিয়েও কোপা আমেরিকা জিততে না পারায় তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু বৃহস্পতিবারের বড় ম্যাচের আগে তারকাদের ইনজুরি মার্টিনোকে বেশ চিন্তিত করে তুলেছে।
IMG0
অধিনায়ক লিওনেল মেসি সেপ্টেম্বরে হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়ে মাঠের বাইরে রয়েছেন। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকেও পাচ্ছেনা মার্টিনো। হাঁটুর সমস্যার কারণে কার্লোস তেভেজের খেলা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। সোমবার বোকা জুনিয়র্সের এই স্ট্রাইকার অনুশীলনে ছিলেন না। আর্জেন্টাইন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী তেভেজের সার্ভিস না পাবার সম্ভাবনাই বেশী। প্যারিস সেইন্ট-জার্মেই মিডফিল্ডার জেভিয়ার পাস্তোর উরুর ইনজুরির কারনে শতভাগ ফিট নন।
হাই ভোল্টেজ ম্যাচটিকে সামনে রেখে ব্রাজিলের অভিজ্ঞ প্লেমেকার কাকা ২০০৯ সালের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে ৩-১ গোলে উড়িয়ে দেবার স্মৃতি ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন। চলতি বছরের শুরুতে দুঙ্গার সুনজরে আসা কাকা বলেছেন, এখন পর্যন্ত আর্জেন্টিনা কোন ম্যাচে জিততে পারেনি, তাই তারা ব্রাজিলকে হারানোর জন্য বিশেষ কৌশল নিয়েই মাঠে নামবে। ভেনিজুয়েলার বিপক্ষে আমরা দারুণভাবে জয় পেয়েছি। আমাদের এখন সেই ধারা বজায় রাখতে হবে। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে কাজটা যে মোটেই সহজ নয় তা সহজেই অনুমেয়। তাদের বিপক্ষে খেলাটা সবসময়ই বিশেষ এক অনুভূতির জন্ম দেয়। কিন্তু আমাদের জেতার সব ক্ষমতা আছে।
বৃহস্পতিবারের অপর ম্যাচে টেবিলের শীর্ষে থাকা দুই দল ইকুয়েডর ও উরুগুয়ে একে অপরের মুখোমুখি হবে। উরুগুয়ে এই ম্যাচেও বহিষ্কারাদেশের শাস্তিতে থাকা লুইস সুয়ারেজকে দলে পাচ্ছে না। সে কারণেই স্ট্রাইকার এডিনসন কাভানিকে পুনরায় ডাকা হয়েছে। বলিভিয়া ও কলম্বিয়াকে প্রথম দুই ম্যাচে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে উরুগুয়ে। অন্যদিকে ইকুয়েডরও আর্জেন্টিনা ও বলিভিয়াকে হারিয়ে উরুগুয়ের সাথে সমানভাবে এগিয়ে রয়েছে।
দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে অপর ম্যাচগুলোতে কোপা আমেরিকা চ্যাম্পিয়নস চিলি কলম্বিয়ার ও বলিভিয়া ভেনিজুয়েলার মোকাবেলা করবে। শুক্রবারের একমাত্র ম্যাচে লিমাতে স্বাগতিক পেরু প্যারাগুয়েকে আতিথ্য দিবে। বাসস।
