সাকিবকে টপকে মিরপুরে সর্বোচ্চ রান তামিমের

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৬:৪৯
সাকিব আল হাসানকে টপকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে হোম অব ক্রিকেট খ্যাত এই মাঠে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন তামিম।
 
এছাড়া সাকিবের পর মিরপুরে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানও করেন তিনি। সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামার আগে মিরপুরে তামিমের পরিসংখ্যান ছিলো ৬৫ ম্যাচে ১৯৮৩ রান। বাংলাদেশ ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে মিরপুরে ২ হাজার পূর্ণ করেন তামিম। এরপর সাকিবের ২০৫০ রানও টপকে মিরপুরে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হন তামিম। 
 
মিরপুরে ৬৬ ম্যাচে অংশ নিয়ে ২০৫৬ রান নিয়ে সবার উপরে এখন তামিম। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের সংগ্রহ ২০৫০ রান। তিনি ম্যাচ খেলেছেন ৬৮টি। তৃতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। তিনি ৭৩ ম্যাচ খেলে ১৯৮৮ রান করেছেন। বাসস।