ওয়ানডেকে বিদায় বলবেন ইউনুস

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৭:৫৯
আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডের ম্যাচের পরে সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় বলবেন ইউনুস খান। ৩৭ বছর বয়সী ইউনুস ১৫ বছরের ক্যারিয়ারে ২৬৪ টি ওয়ানডে খেলে ৭২৪০ রান করেছেন। 
 
ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ রান স্কোরারদের মধ্যে ষষ্ঠ স্থানে থাকা ইউনুস সাতটি শতক ও ৪৮ টি  অর্ধ-শতক করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বিদায় জানানোর কথা জানিয়ে তিনি বলেন, আমি অনেক আনন্দের সঙ্গে জানাতে চাই যে ওয়ানডে থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্তের আগে আমার পরিবার, স্ত্রী ও কাছের বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিয়েছি। এটা একটা আশীর্বাদ যে আমি নিজেই ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নিতে পেরেছি। ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলার এটিই সঠিক সময় বলে মনে করেন তিনি। 
 
টেস্টে গত মাসে জাভেদ মিয়াদাদকে পেছনে ফেলে পাকিস্তানের সর্বকালের সেরা রান সংগ্রাহক হওয়া ইউনুস গত ১৫ টেস্টে আটটি সেঞ্চুরি করেছেন, গড় ৬৮.১৮। কিন্তু ওয়ানডেতে গত সাত বছরে সেঞ্চুরি করেছেন মাত্র দুইটি । ক্রিকইনফো।