নিউ ইয়র্কে সফল আয়োজনের ধারাবাহিকতায় পাকিস্তানের অল স্টার্স ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। যুক্তরাষ্ট্রে চলমান টি টোয়েন্টি ইভেন্টে শোয়েব শচীনস ব্লাস্টারের হয়ে খেলছেন।
হিউস্টনে আজ স্থানীয় কয়েকজন পাকিস্তানী সাংবাদিকের কাছে শোয়েব আশা প্রকাশ করে বলেছেন একদিন পাকিস্তানের এই ধরনের ক্রিকেট ইভেন্ট আয়োজিত হবে। এ সম্পর্কে তিনি বলেন, আমি বিষয়টি নিয়ে শচীনের সাথে কথা বলেছি। শচীন বেশ খুশী হয়েছে এবং আমার এই চিন্তাধারাকে সাধুবাদ জানিয়েছে।
প্রায় ৩৬ হাজার সমর্থকের উপস্থিতিতে গত রোববার থেকে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত তিন ম্যাচ সিরিজের টি২০ অল স্টার্স ইভেন্টে বেশ সাড়া পড়েছে। প্রথম ম্যাচে শচীনের অধীনে বল হাতে শোয়েব ছিলেন বেশ সফল। তার মতে পাকিস্তানে যদি অল স্টার্স সিরিজ আয়োজিত হয় তবে সেটা প্রতিবেশী দুই দেশের মধ্যে সুসম্পর্ক বাড়াবে।
শোয়েব ছাড়াও এই টুর্নামেন্টে পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম, সাকলাইন মুশতাক ও মইন খান ছাড়াও ভারতীয় বীরেন্দ্র শেবাগ, ভিভিএস লক্ষ্ণণ, সৌরভ গাঙ্গুলি ও অজিত আগারকার অংশ নিচ্ছেন। অস্ট্রেলিয়ান সাবেক স্পিন যাদুকর শেন ওয়ার্নের দল ওয়ার্নস ওয়ারিয়র্সের কাছে প্রথম ম্যাচে পরাজিত হয়েছে শচীনের দল। আসন্ন ইন্দো-পাক সিরিজ নিয়ে চলমান বিতর্ক নিয়েও হতাশা ব্যক্ত করেছেন শোয়েব।
তিনি বলেন, এখন সময় এসেছে দুই দেশের মধ্যে নিয়মিত সিরিজ আয়োজনের। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবধানও অনেক কমে আসবে। ক্রিকেটই হতে পারে এর সঠিক সমাধান। অল স্টার্স সিরিজে আমি টেন্ডুলকারের দলে খেলছি এবং একে অপরের সঙ্গ দারুন উপভোগ করছি। একে অপরকে আরো ভালভাবে চেনার সুযোগ হয়েছে। বাসস।
