শ্বশুর বাড়ির সামনে স্ত্রীর লাশ রেখে পালালো স্বামী!

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৫:৫৭
 
ফরিদপুরের সালথায় শ্বশুর বাড়ির সামনে স্ত্রীর লাশ রেখে স্বামীর পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের আত্মপুরা গ্রামে এই ঘটনা ঘটে।
 
মৃত নারীর নাম আসমা বেগম (৩৫)। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের চিলের কামদিয়া গ্রামের মনির মাতুব্বরের প্রথম স্ত্রী ও পার্শ্ববর্তী আত্মপুরা গ্রামের বাশদা মাতুব্বরের মেয়ে।
 
জানা গেছে, বুধবার গভীর রাতে মনির আসমা বেগমের লাশ নারায়ণগঞ্জ ডায়াবেটিকস হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে শ্বশুর বাড়ি আত্মপুরা গ্রামে ঢোকে। এসময় স্থানীয়রা লাশবাহী গাড়ির গতিরোধ করলে মনির গাড়ি থেকে দ্রুত নেমে পালিয়ে যায়। পরে আসমার স্বজনরা লাশটি শনাক্ত করেন।
 
নিহতের চাচা শাহাদত মাতুব্বর জানান, ১৫ বছর আগে মনিরের সাথে আসমার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। দুই বছর আগে আসমার চাচাতো বোন শিল্পী আক্তারের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে মনির। একপর্যায় গতবছর শিল্পীকে বিয়ে করেন তিনি। বিয়ের পর দুই স্ত্রী নিয়েই নারায়ণগঞ্জে বসবাস করতেন মনির।
 
তার অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী আসমার সাথে স্বামী মনির ও দ্বিতীয় স্ত্রী শিল্পীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে বুধবার বিকালে নারায়ণগঞ্জের বাসায় শ্বাসরোধ করে আসমাকে হত্যা করা হয়। এরপর ঘটনার দিন গভীর রাতে আসমার লাশ তার বাবার বাড়ির সামনে রেখে পালিয়ে যায় মনির। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে।
 
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি যে থানার মধ্যে ঘটেছে, সেই থানায় লাশটি হস্তান্তর করা হয়েছে।