নিজেকে কয়েক দিন আগে বিশ্বসেরা দাবি করা ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন যে এবারের বর্ষসেরা পুরস্কার তিনি জিততে পারছেন না। পর্তুগিজ অধিনায়ক মনে করেন এবার তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই জিতবেন এবারের ফিফা ব্যালন ডি অর।
টানা দুই বছর বর্ষসেরা জেতার পরে রোনালদো এবার নিশ্চিত যে টানা তৃতীয় বারের তিনি এবার জিততে পারছেন না। বার্সেলোনা লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে জেতানো মেসিই এবার জিততে যাচ্ছেন বলে মনে করেন তিনি। আইটিভিকে দেওয়া সাক্ষাতকারে রোনালদো বলেন, এই ধরণের শিরোপা জিততে ভোট প্রয়োজন এবং মেসি অনেকগুলো টুর্নামেন্ট জিতেছে। সে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতেছে। ব্যক্তিগত পর্যায়ে হয়তো আমি আমার সেরা মৌসুমটি কাটিয়েছি। আমি ইউরোপের সেরা স্কোরার ছিলাম। গত সাত বছর মেসি না হয় রোনালদো জিতেছেন ফিফা বর্ষসেরা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রোনালদো এটাকে দারুণ একটি বিষয় উল্লেখ করে বলেন, এই মঞ্চে গত আট বছর ধরে আমি না হয় মেসি পুরস্কার জিতেছি। অতীতে কেউ এটি করতে পারিনি, তাই এটি দারুণ। আমার তার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। আমরা ছোট বেলার বন্ধু নই তবে আমরা একজন আরেকজনকে শ্রদ্ধা করি।
তবে তিন বার বর্ষসেরা হওয়া রোনালদো বিশ্বাস করেন তিনি আবারো ব্যালন ডি অর জিতবেন। তিনি বলেন, আমি এখনো তরুণ এবং আমি মনে করি আমি এটি আবারো জিতবো। আমি আরো ছয় সাত বছর খেলবো এবং আমি মনে করি আমি এখনো দলীয় শিরোপা জিততে পারবো। কারণ দলীয় শিরোপা জিততে না পারলে ব্যক্তিগত শিরোপা অর্জন সম্ভব নয়। গোল ডটকম।
