সাবেক অফ স্পিনার সাঈদ আজমলের চুক্তি স্থগিত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্থানীয় একাধিক টেলিভিশন চ্যানেলে অবৈধ অ্যাকশনের বোলারদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের সমালোচনা করায় তার চুক্তি স্থগিত রেখেছে পিসিবি।
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়ার আগে গত পাঁচ বছর পাকিস্তান দলের ম্যাচ উইনার খেলোয়াড় ছিলেন আজমল। অবশ্য আইসিসি’র সামনে পরীক্ষা দিয়ে গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি পান তিনি। হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিনও চাকার ছিলেন কিন্তু ‘তারা ভারতীয় বলে’ কখনোই তাদের বিপক্ষের ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবী করেন অ্যাকশন শুধরিয়ে গত এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আজমল।
অবৈধ বোলিং অ্যাকশন ইস্যুর প্রক্রিয়া নিয়ে আজমল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলেরও(আইসিসি) সমালোচনা করেন। আইসিসি কেবলমাত্র তার মত স্পিনারদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছেন দাবী করেন তিনি।
গত সপ্তাহে স্থানীয় দুটি টেলিভিশন চ্যানেলে আজমল প্রশ্ন রেখে বলেন, কেন শুধুমাত্র অফ স্পিনারদেরই লক্ষ্য বস্তুতে পরিণত করা হচ্ছে? কেন বাঁ-হাতি স্পিনার, লেগ স্পিনার কিংবা ফাস্ট বোলারদের করা হচ্ছে না? নির্দিষ্ট করে ভারতীয় অফ স্পিনার হরভজনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে উল্লেখ করেন তিনি।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান সাংবাদিকদের জানান, আজমলের চুক্তি স্থগিত রাখা হয়েছে। খান বলেন, তার মন্তব্যের জন্য আমরা দু:খ প্রকাশ করছি। শৃঙ্খলা ভঙ্গের জন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং তার চুক্তি স্থগিত রেখেছি। তার পারিশ্রমিক দেয়া বন্ধ রেখেছি এবং তার মন্তব্যের জন্য তার কাছে ব্যাখ্যা চেয়েছি। এ বছরের এপ্রিল মাস থেকেই দলের বাইরে থাকা সত্ত্বেও কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে আজমলকে রেখেছে পিসিবি। বাসস।
