ব্র্যাডমানের পাশে ওয়ার্নার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ১৯:১৭
 
টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়ে ব্র্যাডমানের পাশে স্থান করে নিলেন ডেভিড ওয়ার্নার। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে প্রথম দিনে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।
 
শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টের প্রথম দিনে ২৪৪ রানে অপরাজিত ডেভিড ওয়ার্নার। বিস্ফোরক ওপেনার ছাড়িয়েছেন তার সদ্য সাবেক অধিনায়ককে। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে ২২৪ রানে অপরাজিত ছিলেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল সেটিই।
 
সব মিলিয়েও টেস্ট ইতিহাসে প্রথম দিনে ওয়ার্নারের চেয়ে বড় ইনিংস আছে আর একটিই। ক্রিকেট ইতিহাসের সেটি সবচেয়ে বিখ্যাত ইনিংসগুলোর একটি। একদিনেই ট্রিপল সেঞ্চুরি করার একমাত্র কীর্তি সেটি। ১৯৩০ অ্যাশেজে হেডিংলি টেস্টের প্রথম দিনে ৩০৯ রানে অপরাজিত ছিলেন ডন ব্র্যাডম্যান। প্রথম দিনে অস্ট্রেলিয়া করেছিল ৩ উইকেটে ৪৫৮।
 
প্রথম দিনে সবচেয়ে বেশি রানের তালিকায় দুইয়েও ছিলেন এতদিন ব্র্যাডম্যানই। আছেন এখনও। তবে পেয়েছেন সঙ্গী। ব্র্যাডম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে না পারলেও দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ছুঁয়েছেন ওয়ার্নার। ১৯৩৪ অ্যাশেজে ওভাল টেস্টের প্রথম দিনে ২৪৪ রান করেছিলেন ব্র্যাডম্যান।
 
এবার পার্থে ২৭১ বলে ২৪৪ রানে অপরাজিত ওয়ার্নার। সেবার ওভালে ২৭২ বলে ২৪৪ করে আউট হয়ে গিয়েছিলেন ব্র্যাডম্যান। এবার অস্ট্রেলিয়া প্রথম দিনে করেছে ২ উইকেটে ৪১৬। সেবার প্রথম দিনে করেছিল ২ উইকেটে ৪৭৫!
 
প্রথম দিনে সর্বোচ্চ রানে এরপর পাশাপাশি আছেন হার্শেল গিবস ও বীরেন্দর শেবাগ। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে কেপ টাউন টেস্টের প্রথম দিনে ২২৮ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার গিবস। পরের বছর পাকিস্তানের বিপক্ষে মুলতানে ২২৮ রানে অপরাজিত ছিলেন ভারতের বীরেন্দর শেভাগ। সেই ইনিংসটিকে পরদিন নিজের প্রথম টিপল সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন শেভাগ। এবার ওয়ার্নারও দ্বিতীয় দিনে মাঠে নামবেন ট্রিপল সেঞ্চুরিতে চোখ রেখে! বিডি নিউজ।