প্রায় দেড় বছরে ১৫ ম্যাচ অপরাজিত থেকে উড়তে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামাল স্পেন। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে ২-০ গোলে জিতেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গত বছর বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষবারের মতো হারের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। গত ১৭ মাসে ১৫ ম্যাচ ধরে অপরাজিত ইংল্যান্ডকে শুক্রবার রাতে শুরু থেকেই চাপে রাখে স্পেন। ঘরের মাঠ বন্দর নগরী আলিকান্তের হোসে রিকো পেরেজে প্রথম ২৫ মিনিটে দারুণ দুটি সুযোগও পায় তারা। তবে দুবারই ভাগ্যের জোরে বেঁচে যায় ইংল্যান্ড।
IMG0
দ্বিতীয়ার্ধেও একইভাবে ইংলিশ রক্ষণে চাপ ধরে রেখে খেলতে থাকে স্পেন। কিন্তু গোলমুখে দিয়েগো কস্তা, মার্ক বার্ত্রাদের ব্যর্থতায় বারবারই হতাশ হতে হচ্ছিল সমর্থকদের। ৭২তম মিনিটে মারিও গাসপারের দারুণ নৈপুণ্যে গোল খরা কাটে। সেস ফ্যাব্রিগাসের চিপ শটে ডি বক্সের ঠিক দাগের ওপর থেকে দুর্দান্ত কোনাকুনি ভলিতে গোলরক্ষক জো হার্টের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান গাসপার। দেশের হয়ে ভিয়ারিয়ালের এই ডিফেন্ডারের এটা দ্বিতীয় গোল।
আর ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেনের জয় নিশ্চিত করেন সান্তি কাজরোলা। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন আর্সেনাল মিডফিল্ডার। যোগ করা সময়ে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন ওয়েইন রুনি। কিন্তু ভাগ্যের ফেরে তার শটটি পোস্টে লাগে। গোল ডটকম।
