প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফিলিপাইনে আসন্ন এপেক সম্মেলনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যাচ্ছে দেশটি। শনিবার দেশটির তরফ থেকে সম্মেলনে যোগদানকারী সব রাষ্ট্রের নিরাপত্তায় বাড়তি পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়া হয়। এ লক্ষ্যে তারা ‘উচ্চ নিরাপত্তা’ জারি করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ চীন, জাপান, অষ্ট্রেলিয়া ও কানাডার এতে যোগদানের কথা রয়েছে। খবর এনডিটিভি ও সিনহুয়ার।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা ফোরাম এপেকের এ সম্মেলন আগামী শুক্রবার ম্যানিলায় অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী তা চলবে। ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনো এস একুইনো আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত ও উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি অর্জনই এর মূল লক্ষ্য। চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এগুলো হচ্ছে—আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ব্যাষ্টিক, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার প্রসার, আন্তর্জাতিক মার্কেট বিশেষ করে মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ এবং সর্বোপরি টেকসই ও মজবুত কমিউনিটি বিনির্মাণ।
ফিলিপাইনের পররাষ্ট্র-বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং এপেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চেয়ারপারসন লরা কিউ ডেল রোজারিও বলেন, এটি শুধু ব্যবসা ও বিনিয়োগের সুবিধা বৃদ্ধিরই ফোরাম নয় বরং এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের কী ভাবে উন্নয়ন সাধন করা যায়, তা নিয়েও আলোচনা হবে। মূলত বিভিন্ন কৌশলগত দিক এবং ভবিষ্যত্ কর্মপন্থা নিয়ে এতে আলোচনা করা হবে।
তবে এবারের সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকছেন না। তার স্থলে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৮ থেকে ১৯ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
