অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে ভারতের বিপক্ষে সিরিজ খেলার আগ্রহের কথা স্পষ্টভাবে জানিয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। লাহোরে স্থানীয় সাংবাদিকদের কাছে ৪১ বছর বয়সী মিসবাহ এই আগ্রহের কথা প্রকাশ করতে গিয়ে বলেছেন অন্য সবার মতই তিনিও এই সিরিজ দেখতে ও খেলতে অধীর অপেক্ষায় আছেন।
তিনি বলেন, অবসরের আগে অবশ্যই আমি আরেকটি ভারত-পাকিস্তান সিরিজে খেলতে চাই। যদিও এখনো অবসরের বিষয়ে কোন কিছু চিন্তা করিনি। যখন এই বিষয়ে কিছু চিন্তা করবো অবশ্যই পিসিবিকে অবহিত করবো। একইসাথে তিনি আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়েও কথা বলেছেন। এ সম্পর্কে মিসবাহ বলেন, ইংল্যান্ডে যাবার সিদ্ধান্ত নিলে পুরো প্রস্তুতি নিয়েই আমি সেখানে যাবো। এছাড়া আমি চাই কঠিন এই চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো দলই সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করুক। বিশ্বের যেকোনো দেশেই জয়ের ক্ষমতা আছে পাকিস্তানের।
টেস্ট ক্রিকেট থেকে অবসরের বিষয়ে বেশ কিছুদিন ধরেই মিসবাহকে নিয়ে বেশ আলোচনা হলেও পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন তিনি চান অভিজ্ঞ এই ব্যাটসম্যান আরো কিছুদিন দলে সাথে থাকুক। বিশেষ করে আগামী বছর জুলাই-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর পর্যন্ত তিনি মিসবাহকে দলে রাখতে চাইছেন। ২০১০ সাল থেকে অভিজ্ঞ এই ব্যাটসম্যান পাকিস্তানের টেস্ট দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। চলতি বছরের বিশ্বকাপের পরেই তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। মিসবাহ আরো মনে করেন বর্তমানে পাকিস্তানের যেসব তরুণ খেলোয়াড় রয়েছে তারা সবাই অত্যন্ত প্রতিভাবান, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের সাথে মানিয়ে নিতে তাদেরকে আরো একটু পরিণত হতে হবে। তবে সবচেয়ে আশার বিষয় হচ্ছে ফিটনেসের দিক থেকে তারা বেশ ভাল। বাসস।
