বিশ্বের মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘জেইউ-অর্ডার অন এন-কিউব’। শনিবার ঢাকা পর্বের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় ১২১টি দল। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিটি দলে তিনজন করে সদস্য অংশ নেয়।
এসিএম-আইসিপিসি প্রতিযোগিতায় ১০টি প্রোগ্রামিং সমস্যা দেয়া হয়। আর সেগুলো সমাধানে টানা পাঁচ ঘণ্টার সময় দেয়া হয় প্রতিযোগীদের। ‘জেইউ-অর্ডার অন এন-কিউব’ দলের সদস্য সাদিক মো. নাফিস, নিলয় দত্ত ও রাহাত জামান সাতটি সমস্যার সমাধান করে প্রথম হন।
এছাড়াও ছয়টি ও পাঁচটি সমস্যার সমাধান দিয়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সাস্ট ডাউন টু দ্য ওয়্যার’ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এনএসইউ বাগলাভার্স’ দল। ২০১৬ সালের মে মাসে থাইল্যান্ডে আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেবে শীর্ষ দল দুটি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আহসান হাবিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএসইউর ভারপ্রাপ্ত উপাচার্য গৌর গোবিন্দ গোস্বামী, এসিএম-আইসিপিসি ঢাকা পর্বের পরিচালক অধ্যাপক আবুল এল হক।
