অস্ট্রেলিয়া ফুটবল দল আসছে আজ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৩:৩১
নিরাপত্তা নিয়ে অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত আজ ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। সিঙ্গাপুর থেকে খেলোয়াড়দের নিয়ে বহনকারী চার্টার্ড বিমান সন্ধ্যা ৬টায় ঢাকায় নামবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামীকাল বিকাল সাড়ে ৫টায় খেলা। রাশিয়া বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাই ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে চারবার বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়া।
 
১৪ নভেম্বর, শনিবার রাতে ঢাকায় আসার কথা ছিল তাদের। নিরাপত্তা বিষয়ে সব কিছু ঠিকঠাক করা হয়েছিল অস্ট্রেলিয়া ফুটবল দলের জন্য। অস্ট্রেলিয়ার ফুটবল নিরাপত্তা প্রতিনিধি দলও জানিয়েছিল ১৪ নভেম্বর আসছে তাদের দল। কিন্তু তারা কথা রাখেনি। নানা অজুহাত দেখিয়ে ম্যাচের আগের সন্ধ্যায় ঢাকায় আসছে।
 
 সিঙ্গাপুরে অনুশীলন করে অস্ট্রেলিয়া ঢাকার পথে রওনা দেবে। আজ এসে আগামীকাল ম্যাচ খেলে রাতেই চলে যাবে অতিথি দলটি। নিজেদের চাওয়া অনুসারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনার নিশ্চয়তার কথা জেনেও অস্ট্রেলিয়া ফুটবল দলের সন্তুষ্টি পাচ্ছে না বাফুফে। 
 
তারপরও অতিথি দলকে স্বর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দিতে সব উদ্যোগ নেয়া হয়েছে। স্টেডিয়ামের সব দোকান বন্ধ থাকবে, বিমানবন্দর থেকে হোটেলে আসা-যাওয়া, স্টেডিয়ামে যাওয়ার-আসার সময় অস্ট্রেলিয়ান ফুটবল দলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। তারপরও পূর্ণ আস্থা রাখতে পারছে না তারা। খেলোয়াড়রা তাদের টুইটারে আশংকার কথা প্রকাশ করে লিখেছে ভালোভাবে বাড়ি ফেরার আশায় আছি। 
 
ফুটবল দল ঢাকায় আসার আগে এসেছে দলের বাবুর্চি, মিডিয়া ম্যানেজার, এসেছেন আরো চার নিরাপত্তা কর্মকর্তা। গুলশানে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করবে অস্ট্রেলিয়া ফুটবল দল। গত ৩ সেপ্টেম্বর পার্থে হোম ম্যাচে অস্ট্রেলিয়া ৫-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে।
 
ম্যাচের টিকিট:
 
বাংলাদেশ অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচের ভিআইপি টিকিট ৩০০, পশ্চিম গ্যালারি ১০০ এবং পূর্ব গ্যালারি টিকিট মূল্য ৫০ টাকা।