‘বাংলাদেশের ব্যাংক খাতে সুশাসন-ব্যবস্থা দুর্বল’

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৬:৪১
 
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার খুব বেশি। এই কারণে গোটা ব্যাংক খাতই চাপে রয়েছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সুশাসন-ব্যবস্থা দুর্বল।
 
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফররত আইএমএফ মিশনের একটি প্রতিনিধিদল এ কথা বলেছে।
 
পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি ৪-১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছে। আজ ওই সফরের শেষ দিন। এদিন তারা সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে আইএমএফের প্রতিনিধিদলটি সচিবালয়ে সংবাদ সম্মেলন করে।
 

সংবাদ সম্মেলনে আইএমএফ মিশনের প্রধান রডরিগো কুবেরো বলেন, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে সরকারি ব্যয় অনেক কম। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের অবস্থান খুবই নাজুক। এমন বাস্তবতায় বাংলাদেশের কর-ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার পরামর্শ দিয়েছে আইএমএফ। ২০১৬ সালের জুলাই থেকে নতুন মূসক আইন বাস্তবায়নের কথাও বলেছে সংস্থাটি।