ছাতকে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৬:১৬
 
সুনামগঞ্জের ছাতকে খাস জমির দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ ২৫ আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে শিহাব উদ্দিন (৩০), সহজুল ইসলাম (৩৬), শফিকুল ইসলাম (৩২), সাদিকুর রহমান (২৮) ও কাঁচা মিয়াকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, কাড়ইলগাঁও গ্রামের হরুফ আলীর সাথে একই গ্রামের সমছু মিয়ার খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে সামছু মিয়া পক্ষের লোকজন জমি দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে বন্দুক, দেশীয় অস্ত্র, লাটি-সোটা ও ইট পাটকেল ব্যবহার করা হয়। সংঘর্ষের সময় বন্দুকের গুলি ও ইট-পাটকেলের আঘাতে ২৫ জন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার নিশ্চিত করে জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।