ঢাকায় নিরাপত্তা জোরদার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৭:০৬
 
সাম্প্রতিক সময়ে ব্লগার হত্যা ও তাদের ওপর হামলা এবং ঢাকায় কিছু আন্তর্জাতিক অনুষ্ঠানকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কঠোর নিরাপত্তা বজায় রাখতে পথচারীদেরও তল্লাশি চালানো হচ্ছে।
 
বুধবার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের রায়কে ঘিরে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। আজকের রায়ে তাদের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
 
মঙ্গলবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম ও তার আশপাশের এলাকায় নেয়া হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কড়া নজর রাখা হয়েছিল দর্শকদের উপর। স্টেডিয়াম এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছিল হকারদের, বন্ধ রাখা হয়েছিল স্টেডিয়াম মার্কেটের বেশকিছু দোকান। স্টেডিয়ামের ভিতরে গ্যালারিতে এবং বাইরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। স্টেডিয়ামের আশপাশের উচ্চ ভবনগুলোর উপরও নিরাপত্তা প্রহরা ছিল।
 
IMG0
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মুনতাসিরুল ইসলাম  বলেছেন, যেসব বিশিষ্ট ব্যক্তি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হতে পারেন তাদের নিরাপত্তা দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
 
তিনি বলেছেন, শিগগির মাঠ পর্যায়ে তিন শিফটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতর্ব্য পালন করবে।
 
অপরাধীদের যাতে দ্রুত চিহ্নিত করা যায় এজন্য ভাড়াটিয়া, বাড়ির মালিক এবং ছাত্র-ছাত্রী হোস্টেল ও হোটেলের আবাসিকদের তথ্য সংগ্রহের জন্য অধ্বস্তনদের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
 
এছাড়াও কর্তব্য পালনের সময় আক্রান্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি চালাতেও নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার।