সব কিছু ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে সীমিত ওভারের এই টুর্নামেন্টটি। প্রতিযোগিতাকে সামনে রেখে গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অনুশীলন। এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছয় দল- বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট সুপার স্টার, রংপুর রাইডার্স, চিটাগাং ভাইকিংস এবং ঢাকা ডায়নামাইটস অনুশীলন করে।
টি-টোয়েন্টি ক্রিকেটের বর্ণিল উত্সবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সামিল করতে কয়েক দিন বাদেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর। সব কিছু ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে সীমিত ওভারের এই টুর্নামেন্টটি। প্রতিযোগিতাকে সামনে রেখে গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অনুশীলন। এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছয় দল- বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট সুপার স্টার, রংপুর রাইডার্স, চিটাগাং ভাইকিংস এবং ঢাকা ডায়নামাইটস অনুশীলন করে।
অনুশীলন শেষে বরিশাল, কুমিল্লা, সিলেট এবং রংপুরের খেলোয়াড়রা গণমাধ্যমের সামনে শিরোপা জয়ের ক্ষেত্রে তাদের প্রত্যয় ব্যক্ত করেছেন। নিচে ধারাবাহিকভাবে প্রতিটি দলের প্রত্যাশার অভিব্যক্তিগুলো তুলে ধরা হলো।
মিরপুর শেরে বাংলার একাডেমির মাঠে সকালে অনুশীলন শেষে বরিশাল বুলসের ওপেনার শাহরিয়ার নাফীস বলেন, আমরা দলগত পারফরমেন্সে মনোযোগ দিচ্ছি। কারণ টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে বল এবং ব্যাটে সবাই অবদান না রাখতে পারলে নিজেদের পক্ষে ফলাফল পাওয়া খুব কঠিন। আমাদের টার্গেট থাকবে সবাই মিলে যাতে পারফর্ম করতে পারি। দল আমাদের উপর যে প্রত্যাশা করে, আমরা চেষ্টা করবো তাদের আস্থার প্রতিদান দিতে।
আগের আসরের মতো এবারও বরিশালের হয়ে মাঠ মাতাবেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। শুধু বিদেশিদের উপর নির্ভরশীল হওয়া যাবে না জানিয়ে নাফীস বলেন, গেইলের উপর নির্ভরশীল হলে হবে না। জয় পেতে হলে দলের এগারো জন খেলোয়াড়কে পারফর্ম করতে হবে। আমরা শুধুমাত্র বিদেশিদের উপর নির্ভর করতে চাই না। আমরা চ্যাম্পিয়ন হতে চাই, সেটার জন্য দলের সবাইকে নিজের সেরাটা খেলতে হবে।’ তিনি আরো বলেন, আমাদের প্রথম ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে। অবশ্যই চাইবো একটা ভালো সূচনা, জয় দিয়ে সূচনা। তাহলে আমাদের দলটা আরও আত্মবিশ্বাসী হবে।
তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বি কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলার সুযোগ পেয়ে যতটা না খুশি, তার চেয়ে বেশি খুশি মাশরাফি বিন মতুর্জার সাথে বোলিং করার সুযোগ পেয়ে। মাশরাফির সঙ্গে বোলিং করার জন্য মুখিয়ে আছেন জানিয়ে রাব্বি বলেন, মাশরাফি ভাই আমার খুব পছন্দের খেলোয়াড়। দেশিও খেলোয়াড়দের মধ্যে তিনি আমার আইডল। তার সঙ্গে বল করবো এটা আমার ছোট বেলা থেকে লালিত স্বপ্ন ছিল। তাছাড়া মাশরাফি ভাই জাতীয় দলের অধিনায়ক একই সাথে কুমিল্লার অধিনায়ক। তার দলে খেলতে পারাটা ভাগ্যের ব্যাপার। নিজ দল প্রসঙ্গে রাব্বি বলেন, দলের কম্বিনেশন ভালো। দলে দেশি-বিদেশি ভালো মানের কিছু খেলোয়াড় আছে। তাছাড়া মাশরাফি ভাইয়ের মতো একজন দল নেতা আছেন। আশাকরি ভালো কিছু হবে। ব্যক্তিগতভাবে চেষ্টা করবো বিপিএলে নিজের সেরাটা দেয়ার।
রংপুর রাইডার্সের উইকেট কিপার ও ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি বলেন, কাগজে কলমে প্রতিটি দলই সেরা। কাউকে বেশি শক্তিশালী বা ছোট দল বলা যাবে না। তবে নির্ভর করছে শুরুটার উপর। শুরুটা যারা ভালো করতে পারবে, তারা পুরো টুর্নামেন্টে ভালো করবে। অন্যান্য দলের মতো তার দলেরও লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এমনটি জানিয়ে জাতীয় দলের অনিয়মিত এই ক্রিকেটার বলেন, ‘লক্ষ্যতো একটাই চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি দলের মতো আমাদের প্রথম লক্ষ্য সুপার ফোরে খেলা। তার আগে ঢাকায় প্রথম পর্বের যে খেলাগুলো আছে, সেখানে জয় দিয়ে শুরু করাই লক্ষ্য। আর ব্যক্তিগতভাবে আমার চিন্তা-ভাবনা শুরুটা ভালো করার। বড় রান করার। দল আমার কাছে যে প্রত্যাশা করে সেই অনুযায়ী খেলার।’
সিলেট সুপার স্টার্সের আইকন খেলোয়াড় মুশফিকুর রহিম বলেন, আমাদের প্রথম টার্গেট ফাইনালে খেলা। তবে শুরুটা জয় দিয়ে করতে চাই। আপাতত এটাই লক্ষ্য। শুধু আমার দল না, প্রতিটি দলই ভালো। ঘরোয়া এবং আন্তর্জাতিকে যারা ভালো খেলছে তারাই দলে সুযোগ পেয়েছে। দলে লেগ স্পিনার অফস্পিনারসহ হার্ডহিটার কয়েকজন ব্যাটসম্যান আছে। আমার মনে হয় দলটি ভারসাম্যপূর্ণ হয়েছে। দল হিসাবে সবাই ভালো পারফরম করতে পারলে ভালো কিছু হবে।
দলের প্রত্যাশা অনুযায়ী খেলার কথা জানিয়ে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক বলেন, দল আমাকে যে কারণে নিয়েছে চেষ্টা করবো তাদের চাহিদা অনুসারে মাঠে যথার্থ প্রমাণ করার। বিপিএলের আগের আসরেও সেরা রান সংগ্রাহক ছিলাম। এবারও চাইবো টপ স্কোরার হতে। বিপিএল বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে দিবে জানিয়ে মুশফিক বলেন, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। বিপিএলে একাধিক বিদেশি খেলোয়াড় খেলতে আসবে। তাদের সাথে ভালো খেলে নিজেদেরকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করব।
