'দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের যৌক্তিকতা নেই'

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৫:৪১

নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, 'দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের কোনো যৌক্তিকতা নেই। এতে মনোনয়ন বাণিজ্য হবে, সন্ত্রাস হবে, হবে পেশিশক্তির প্রয়োগ।  দলীয় ভিক্তিক স্থানীয় নির্বাচন আমাদেরকে সংকট ও বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। সারাদেশ থেকে এ ধ্বনি উঠার পর সরকার এর থেকে কিছুটা পিছু হটে। মেয়র ও চেয়ারম্যান পদে দলীয় প্রতীক এবং কাউন্সিলর-মেম্বরদের জন্য নির্দলীয় ব্যবস্থাকে জগাখিচুড়ি করবে। কোনো অবস্থাতেই সরকারের এ সিদ্ধান্ত মেনে যায় না।' বৃহস্পতিবার সকালে মেহেরপুর গাংনী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবীদের সঙ্গে অভিজ্ঞতা মতবিনিময় সভায় যোগদানের সময় এসব কথা বলেন তিনি।

চলতি বছরে শেষ হওয়া মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল (এমডিজি) এ ইতিবাচক সাফল্য এসেছে উল্লেখ করে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, 'আগামী বছর থেকে শুরু হচ্ছে সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল (এসডিজি)। এর ১৬ নম্বরে রয়েছে সুশাসন ব্যবস্থা। যার বাস্তবায়ন আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ।' এমডিজি যেভাবে অর্জিত হয়েছে সেভাবে সরকার, বেসরকারি সংস্থা, মিডিয়াসহ সবাই একসঙ্গে কাজ করলে এসডিজি অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি।

মেহেরপুর জেলা সুজনের উপদেষ্টা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সুজনের সভাপতি আব্দুর রশিদসহ সুজনের নেতারা।