আদালতে হাজির করা হলো অনুপ চেটিয়াকে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৭:৩৮
 
উলফা নেতা অনুপ চেটিয়াকে বৃহস্পতিবার বিএসএফের বিশেষ বিমানে করে গৌহাটিতে আনা হয়। বিমানবন্দরের পেছনে ভিআইপি দরজা দিয়ে ৫টি গাড়ির কনভয়ে করে তাকে সিজেএম আদালতে হাজির করা হয়। সকাল ১০টা ৪০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। খবর আনন্দবাজার পত্রিকার।
 
সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক সঙ্গীতা হালৈয়ের এজলাসে তাকে নেয়া হয়। সেখানেই উলফার সহসভাপতি প্রদীপ গগৈ, আলফার পররাষ্ট্র সচিব শশধর চৌধুরি, অর্থ সচিব চিত্রবন হাজরিকা, সহসেনাধ্যক্ষ রাজু বরুয়া, নেতা প্রাণজিত্ শইকিয়া এবং স্ত্রী মণিকাদেবী চেতিয়ার সঙ্গে তার কথা হয়। দীর্ঘ ২৪ বছর পর তার পরিবার ও দলের সঙ্গে এ সাক্ষাত্ হয়।
 
বাইরে এসে প্রদীপ গগৈ জানান, শরীরের বয়স বাড়লেও অনুপ মনের দিক থেকে শক্ত আছেন। তিনি বলেন, ২৪ নভেম্বর উলফার সঙ্গে কেন্দ্রের শান্তি আলোচনার কথা রয়েছে। আশা করি অনুপও বৈঠকে থাকবেন। অনুপকে দেখার জন্য এইদিন বিশাল জনসমুদ্র প্রমাণ করে আজও তার জনপ্রিয়তা অনেক।
 
কিন্তু আত্মসমর্পণকারী উলফার একাংশ দাবি করেছে, পরেশ বরুয়াকে না ফেরাতে পারলে এ আলোচনা হবে অর্থহীন। পৌনে দুইটা নাগাদ আদালত থেকে বেরিয়ে আসেন অনুপ চেটিয়া। পরে বিমানে করে তাকে ফের দিল্লি নিয়ে যায় সিবিআই।