টেস্ট দল থেকে বাদ পড়লেন ইয়ান বেল

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ১৬:৩২
টানা রান খরায় শেষ পর্যন্ত ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা হারাতেই হলো ইয়ান বেলকে। দক্ষিণ আফ্রিকার সফরের ইংল্যান্ড দলে ফিরেছেন নিক কম্পটন ও গ্যারি ব্যালান্স।
 
গত অ্যাশেজে প্রত্যাশানুযায়ী পারফর্ম না করার পরই অবসরের কথা ভেবেছিলেন বেল। তবে পরিবার ও ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের সঙ্গে পরামর্শ করে ঠিক করেছিলেন লড়াই চালিয়ে যাওয়ার। কিন্তু রানের দেখা পাননি পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজেও। ১১৮ টেস্ট খেলা ব্যাটসম্যানকে বাদ দেওয়ার সাহসী সিদ্ধান্ত তাই নিয়ে ফেললেন নির্বাচকরাই।
 
ইংলিশ নির্বাচকদের এই সিদ্ধান্তে বেলের ক্যারিয়ারের সূর্য অস্তাচলে ঢলে পড়ল বলে দেওয়া যায়। অভাবনীয় কিছু না হলে পাঁচটি অ্যাশেজ জয়ী এক যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারের এখানেই সমাপ্তি।
 
১৬ সদস্যের ইংল্যান্ড টেস্ট দলে ফিরেছেন দুই ব্যাটসম্যান নিক কম্পটন ও গ্যারি ব্যালান্স। বেলের জায়গায় ব্যাট করবেন হয়ত ব্যালান্স। আর অ্যালেস্টার কুকের সঙ্গে আবার ওপেনিংয়ে জুটি বাধবেন কম্পটন। অ্যান্ড্রু স্ট্রসের অবসরের পর ইংল্যান্ডের সাত ওপেনিং জুটির মধ্যে সফলতম ছিল কুক-কম্পটন জুটিই। জুটিতে ৫৭.৯৩ গড়ে রান উঠলেও কম্পটন নিজে বড় রান না পাওয়ায় হারিয়েছিলেন জায়গা।
 
চোটের কারণে দলে নেই পেসার মার্ক উড ও স্টিভেন ফিন। বাদ পড়েছেন লিয়াম প্লাঙ্কেট ও আদিল রশিদ। দলে ফিরেছেন পেসার ক্রিস ওকস। প্রথমবারের মত সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার মার্ক ফুটিট।
 
চার টেস্টের সিরিজ শুরু ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে। ক্রিকইনফো।