সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢামেকে আনা হয়।
এর আগে গত সোমবার বিকালে অসুস্থ হলে বাবরকে কাশিমপুর কারাগার থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, লুৎফুজ্জামান বাবর সিভিয়ার এজমা ও মেরুদণ্ডে ব্যথা, পেটের পীড়া, হাইপারটেনশনসহ বিভিন্ন রোগে ভুগছেন।
হাসপাতালের চার সদস্যের মেডিক্যাল বোর্ড বাবরের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়।
