চিটাগাং ভাইকিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দিতে যাচ্ছেন পাকিস্তানী অল রাউন্ডার মোহাম্মদ হাফিজ। এমনটাই দাবী করেছে টাইমস অব ইন্ডিয়া। সেখানে প্রকাশিত এক রিপোর্টে এক বলা হয়েছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সাজাপ্রাপ্ত পাকিস্তানি তরুণ পেসার মোহাম্মদ আমিরের কারণেই হাফিজের এই না খেলার সিদ্ধান্ত।
বিপিএল চিটাগাং ভাইকিংস মোহাম্মদ আমিরের সাথেও চুক্তি করেছে। দুবাই ভিত্তিক পত্রিকায় ‘জাং’ এর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে হাফিজের মতে এটা কোন একজন ব্যক্তি বা নিজস্ব কোন বিরোধিতা নয়। এখানে সম্পূর্ণভাবেই পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি জড়িত। হাফিজ বলেছেন, আমি এমন কোনো খেলোয়াড়ের সঙ্গে একই দলে খেলতে চাই না যার জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
পত্রিকাটির রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে চিটাগাং ভাইকিংস থেকে আকর্ষণীয় প্রস্তাব পেলেও শুধুমাত্র আমিরের কারণে হাফিজ প্রস্তাব ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন। বিপিএল খেলতে চিটাগাংয়ের ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে হাফিজ ১০ মিলিয়ন পাকিস্তানী রুপির প্রস্তাব পেয়েছিলেন বলেও পত্রিকাটি উল্লেখ করেছে।
এর আগেও ম্যাচ পাতানোর অভিযোগে নিষেধাজ্ঞায় থাকা আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফের বিপক্ষে হাফিজ নিজের কঠোর মনোভাব প্রকাশ করেছিলেন। একবার পাকিস্তান দল জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করার সময় সাবেক বোলিং কোচ মোহাম্মদ আকরাম নেটে হাফিজের বিপক্ষে আমিরকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু বাঁহাতি এই পেসারের বিপক্ষে ব্যাটিংয়ে অস্বীকৃতি জানান হাফিজ। যেকোনো ফরম্যাটে এই তিনজন অভিযুক্ত ক্রিকেটারকে আবারো জাতীয় দলে ফিরিয়ে আনার বিপক্ষেও বর্তমান দলের অনেকের সঙ্গেই হাফিজ শক্ত অবস্থান নিয়েছিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে দুবাইতে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষেই পাকিস্তানের বেশ কয়েকজন শীর্ষ খেলোয়াড় বিপিএল খেলতে সরাসরি ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাবেন। এর মধ্যে রয়েছেন শহীদ আফ্রিদি, সাইদ আজমল, উমর আকমল, কামরান আকমল, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ প্রমুখ। বাসস।
