বাংলাদেশ অথবা শ্রীলংকায় হতে পারে ইন্দো-পাক সিরিজ

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ১৭:১৫

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের বিপক্ষে প্রস্তাবিত দ্বিপাক্ষিক সিরিজ সংযুক্ত আরব আমিরাতে খেলতে ইচ্ছুক নয়। আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ভারত সফরের সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
 

দুই বোর্ড আগামী মাসে প্রস্তাবিত এ সিরিজ বাংলাদেশ অথবা শ্রীলংকার মাটিতে খেলার কথা চিন্তা করতে পারে। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে একথা বলা হয়েছে। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ অথবা শ্রীলংকায় হওয়ার কথা উড়িয়ে দেয়া যায় না। দ্বিপাক্ষিক পর্যায়ে সর্বশেষ ২০১৩ সালে সিরিজ খেলেছিল দেশ দুটি।
 

পত্রিকাটির বিশ্বস্ত সূত্র জানতে পেরেছে, বিসিসিআই পার্শ্ববর্তী দুই দেশ বাংলাদেশ অথবা শ্রীলংকায় সিরিজ খেলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। বিসিসিআই সভাপতি ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এমন ভাবনা নিয়েই দুবাইতে রয়েছেন।

এন শ্রীনিবাসন বিসিসিআই সভাপতি থাকাকালে পিসিবির সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছিলেন। এ চুক্তি অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অঙ্গীকারবদ্ধ ভারত এবং পরবর্তী সিরিজটি হবে পাকিস্তানের ‘হোম’ সিরিজ। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের হোম ভেন্যুতে পরিণত হয়েছে।


এ পর্যন্ত উভয় বোর্ডই একে অপরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। উভয় বোর্ডই বলছে, জনগণের ইচ্ছের বিরুদ্ধে আপস করার কোন সুযোগ নেই।
সংযুক্ত আরব আমিরাতে খেলতে ‘না ’ বলেছে ভারত। আবার ভারত সফরের বিষয়েও পাকিস্তানের অবস্থান একই। ২০১২-১৩ সিরিজটি আয়োজন করেছিল ভারত।


তবে যেহেতু এটা তাদের হোম সিরিজ তাই বাংলাদেশ অথবা ভারতে যেখানেই খেলা হোক ‘হ্যাঁ’ বলার আগে অবশ্যই রাজস্বের বিষয়টি নিশ্চিত করতে চাইবে পাকিস্তান। বাংলাদেশ এবং শ্রীলংকা কোন দেশেরই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে জানুয়ারির শুরুর দিক পর্যন্ত কোন হোম সিরিজ নেই। তাই এ সময়ে ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে খেলতে পারে।


দিল্লি এবং ইসলামাবাদের সবুজ সংকেত পেয়ে ভারত এবং পাকিস্তান যদি দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুনঃ স্থাপনে রাজি হয় তাহলে বাংলাদেশ অথবা শ্রীলংকায় সিরিজ অনুষ্ঠিত হতে পারে।

তবে আজই বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৫ জানুয়ারি থেকে নিজ মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার সূচি রয়েছে বাংলাদেশ দলের। সেক্ষেত্রে শ্রীলংকাতেই সিরিজ হওয়ার সম্ভাবনা বেশি। বাসস।