দারুণ উত্তেজনা ও নাটকীয়তা পরিপূর্ণ এক ম্যাচ দিয়ে পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের। টি-টোয়েন্টি ক্রিকেটের বিজ্ঞাপন হয়ে থাকা রান বন্যার এই ম্যাচে চিটাগাং ভাইকিংসকে ২ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮৭ রান করে চিটাগাং। তামিম ইকবাল করেছেন সর্বোচ্চ ৩২ বলে ৫১ রান। ব্যাটিং ঝড়ের ইনিংসেও দারুণ বোলিং করেছেন বাঁহাতি স্পিনার সাকলাইন, ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বিপিএল অভিষেকে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন পেসার আবু জায়েদ।
জবাবে ৮ উইকেট হারিয়ে শেষ বলে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। এক সময় মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা রংপুর রাইডার্সকে জয়ের পথ দেখান মিসবাহ উল হক। ৩৯ বলে ৬১ রান করেছেন, মেরেছেন তিনটি চার ও চারটি ছক্কা।
IMG0
শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ছিল। শফিউল ইসলামের করা শেষ ওভারের প্রথম চার বলেই একটি ছক্কা ও একটি চারের পাশাপাশি ১২ রান নিয়ে ফেলেন ড্যারেন স্যামি।পঞ্চম বলে খেলা শেষ করে দেওয়ার তাড়াহুড়ায় রান আউট হয়ে যান স্যামি। শেষ বলে সিঙ্গেল নিয়ে রংপুরকে জয় এনে দেন। চার ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট নিয়েছেন নিষেধাজ্ঞা থেকে ফেরা পাকিস্তানি বোলার যা টি টোয়েন্টিতে তার সেরা বোলিং।
