কানাডার টরন্টোতে শেষ হলো দু’দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল। ২২ নভেম্বর জমজমাট অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গান করেন গায়ক কুমার বিশ্বজিত, শিল্পী চন্দন সিনহা, শিল্পী নিলুফার বানু লিলি, গায়িকা মৌটুসী এবং উপস্থিত ছিলেন জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ।
স্থানীয় সাপ্তাহিক বাংলা মেইলের চতুর্থ বর্ষ পদার্পণ উপলক্ষ্যে টরন্টো ইন্টারন্যাশনাল প্যাভিলিয়ানে অনুষ্ঠিত এ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, ড. মোজাম্মেল খান, অভিনেতা ফেরদৌস আহমেদ, পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, ফেস্টিভ্যাল চেয়ারম্যান রেজাউল কবির, কানাডা-বাংলাদেশ বিজনেস চ্যাম্বারের প্রেসিডেন্ট সুবির দে, আব্দুল হালিম মিয়া, জসীম মল্লিক, কাজী আলম বাবু, প্রমুখ।
অনুষ্ঠানে বাংলা একাডেমী প্রদত্ত সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কারপ্রাপ্ত দুই লেখক ইকবাল হাসান এবং সৈয়দ ইকবালকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন দুই বিশেষ অতিথি কবি আসাদ চৌধুরী এবং ছড়ালেখক লুৎফর রহমান রিটন। এছাড়াও স্থানীয় শিল্পীরা নাচ, গান, কবিতা পাঠ করেন।
IMG0
সঙ্গীত তারকা কুমার বিশ্বজিত ফেস্টিভ্যাল সম্পর্কে ইত্তেফাকে বলেন, বেশ ভালো লাগছে। প্রবাসের একটি পত্রিকার এ ধরণের ফেস্টিভ্যাল স্বদেশের সংস্কৃতিকেই তুলে ধরে।
নায়ক ফেরদৌস আগামীতে একটি স্লটে আমাদের চলচ্চিত্র প্রদর্শণী যুক্ত করার আহ্বান জানান।
আয়োজক শহিদুল ইসলাম মিন্টু বলেন, এখন থেকে প্রতি বছর বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করা হবে এবং চলচ্চিত্র অন্তর্ভূক্ত করা হবে। প্রথম বারের মতো এই ফেস্টিভ্যাল যোগ দেন একমাত্র প্রকাশক রয়েল প্রকাশনীর জামাল উদ্দিন উদ্দিন আহমেদ। তিনি উৎসব সম্পর্কে বলেন- এবার ঘুরতে আসছি, দেখতে আসছি। আগামী বছর বইয়ের ষ্টল নিয়ে আসবো। কারণ, এখানে অনেক বইয়ের চাহিদা আছে।
