দক্ষিণ আফ্রিকান ব্যাটিং সেনসেশন এবি ডি ভিলিয়ার্স ভারতে যে কতটা জনপ্রিয় তার প্রমাণ পাওয়া গেলো ইন্ডিয়ান ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড়ের কথায়। ক্রিকেটের সেরা রোল মডেলদের একজন হওয়া সত্ত্বেও তার ছেলে ডি ভিলিয়ার্সকে অনুকরণ করে বলে জানালেন দ্রাবিড়।
ডান-হাতি ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সের নামে ভারতের প্রতিটি স্টেডিয়ামেই জিকিরের ঢেউ ওঠে। যার প্রমাণ দক্ষিণ আফ্রিকা দলের চলমান সফরেই পাওয়া গেছে।
কানপুর থেকে মুম্বাই সর্বত্রই ভারতীয় ক্রিকেট ভক্তদের মন জয় করেছেন প্রোটিয়াস এ সুপারস্টার।
বিশ্বে সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত বর্তমানে ভারত অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করা দ্রাবিড় জানালেন- এমনকি তার ছেলে ডি ভিলিয়ার্স হতে চায়, তাকে অনুকরণ করে।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দ্রাবিড় বলেন, ‘এভাবে ব্যাটিং করলে আপনি জনপ্রিয় হবেন। আমি আমার ছেলেদের খেলা দেখছি এবং সবসময় তারা ডি ভিলিয়ার্সের ন্যায় শট খেলতে চেষ্টা করে। সকল তরুণ খেলোয়াড়দের মতো তারাও ডি ভিলিয়ার্সকে অনুকরণ করার চেষ্টা করে। কিন্তু পরক্ষণেই অনুধাবন করতে সক্ষম হয় যে, এটা করা খুব সহজ নয়।’
-বাসস
