ভারত শাসিত কাশ্মিরে সোমবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সকলে নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী ও হেলিকপ্টারটির পাইলট রয়েছেন। এ পার্বত্য অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের একটি জনপ্রিয় তীর্থকেন্দ্র থেকে চলে যাওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানায়।
ভারত শাসিত কাশ্মিরের উত্তরাঞ্চলের জম্মু এলাকায় অবস্থিত বৈষ্ণদেবি তীর্থকেন্দ্রের কাছের কাটরা শহর থেকে উড়ার পর এ দুর্ঘটনা ঘটে। প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রী এই তীর্থকেন্দ্র দেখতে আসেন।
জম্মুর শীর্ষ পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেল দানিশ রানা এএফপিকে বলেন, ‘এ হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী ও একজন মহিলা পাইলট। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।’
টেলিভিশনের ভিডিও ফুটেজে একটি মাঠের মধ্যে হেলিকপ্টারটির পুড়ে যাওয়া ধ্বংসস্তুপ দেখা যায়। পুলিশ স্থানটি ঘিরে রেখেছে।
বৈষ্ণদেবির নামে এ তীর্থকেন্দ্র এ অঞ্চলের প্রধান নগরী জম্মুর প্রায় ৬০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত।
খবর বাসসের।
