চ্যাম্পিয়ন্স লিগ

আজই নক-আউট পর্বে বার্সেলোনা?

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ১১:২৯
লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে থাকা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে নক-আউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ রোমাকে আতিথ্য দিতে যাচ্ছে। অতিথি দলটির বিপক্ষে একটি পয়েন্ট পেলেই বর্তমান চ্যাম্পিয়ন বার্সা প্রতিযোগিতাটিতে টানা ১২ বারের মতো নক-আউট পর্ব নিশ্চিত করবে। তারকা স্ট্রাইকার লিওনেল মেসির উপস্থিতিতে কাতালান দলটি দ্যুতি ছড়িয়েই এই লক্ষ্য পূরণ করবে বলে আশা করা হচ্ছে।
 
ইনজুরির কারণে টানা দুই মাস মাঠের বাইরে থাকার পর এই প্রথম দলের শুরুর একাদশে খেলতে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা মেসি। এর মধ্যে গত শনিবার ‘এল ক্লাসিকো’ খেলার মধ্য দিয়ে ইনজুরি কাটিয়ে তিনি মাঠে ফিরলেও শুরুর একাদশে ছিলেন না। এদিন বার্সাকে মহিমান্বিত করেন লুই সুয়ারেজ ও নেইমার। বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে মেসি যখন খেলতে নামেন তখন বার্সা এগিয়ে ছিলো ৩-০ গোলে। বাকি সময়ে দলের চতুর্থ ও সুয়ারেজের দ্বিতীয় গোলটিতে অবদান রাখেন আর্জেন্টাইন তারকাটি।
 
মেসি দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও থমকে যায়নি বার্সা। নেইমার-সুয়ারেজ নৈপুণ্যে সব ধরনের প্রতিযোগিতায়ই ছন্দ বজায় রেখেছে তারা। এই সময়ে সব ধরনের প্রতিযোগিতায় বার্সার গত ২৮ গোলের ২৪টিই এসেছে নেইমার-সুয়ারেজ কাছ থেকে।
 
বার্সেলোনা ‘ই’ গ্রুপের শীর্ষে থাকলেও কোচ লুই এনরিকে রোমা ম্যাচের আগে দলের তিন তারকা স্ট্রাইকারের কাউকেই বিশ্রামে পাঠায়নি। যদিও দলটির সামনে রয়েছে খুবই ব্যস্ত সূচি। আগামী কয়েক সপ্তাহে বার্সাকে লিগ, কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলার পাশাপাশি বিশ্ব ক্লাব কাপ খেলতে ডিসেম্বরের শেষ দিকে উড়াল দিতে হবে জাপানে।
 
IMG0
 
চার খেলা থেকে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বের টিকিটটা বার্সার হাতের নাগালেই। তবে গত পাঁচ বছরের মধ্যে প্রথমবার এই প্রতিযোগিতার নক-আউট পর্বে খেলতে হলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ গুরুত্ব সহকারে খেলতে হবে রোমাকে। কেননা ইতালিয়ান লিগের দলটি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকলেও তৃতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেন থেকে তাদের পয়েন্ট পার্থক্য মাত্র এক।
 
রোমা এবারের চ্যাম্পিয়ন্স লিগের মিশনটা দারুণভাবেই শুরু করেছিলো। গ্রুপ পর্বের প্রথম নিজেদের মাঠে বার্সার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। খেলাটিতে ড্র সূচক গোলটি করেছিলেন ডিফেন্ডার আলেসান্দ্রো ফ্লোরেনজি। ফিরতি লেগে ন্যু ক্যাম্পেও বার্সাকে হতাশ করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। ফ্লোরেনজি বলেন, ‘নিশ্চিতভাবে খেলাটি অনেক কঠিন হবে। কেননা তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি দল; কিন্তু আমরা স্ট্যাডিও অলিম্পিকোতে তাদের বিপক্ষে কিছু আদায় করতে পেরেছিলাম।’ ফ্লোরেনজি আরো বলেন, ‘স্পেনের মাঠে আমাদের নির্ভয়ে খেলতে হবে। বেশি পরিমাণ গোলের সুযোগ তৈরি করার ব্যাপারে প্রতিজ্ঞ থাকতে হবে।’ যদিও ঘরোয়া লিগে রোমা তেমন ধারাবাহিকতায় নেই।
 
IMG1
 
এদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে থাকা আর্সেনাল কঠিন হিসাব-নিকাশের সামনে রয়েছে। ‘এফ’ গ্রুপে সমান নয় পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে থাকা বায়ার্ন ও অলিম্পিয়াকোস আজ মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ খেলাটি ড্র হলে নক-আউট পর্বের টিকিট পাবে দুই দলই। তবে খেলাটিতে স্বাগতিক বায়ার্নের জয় কামনা করছে গ্রুপের অপর দল আর্সেনাল। সে ক্ষেত্রে গ্রুপের অপর খেলায় ডায়নামো জাগরেব হারাতে পারলে কিছুটা হলেও সম্ভাবনা জাগিয়ে তুলবে খাদের কিনারায় থাকা গানাররা।
 
এছাড়া ‘এফ’ গ্রুপে আজ পোর্তো অতিথি ডায়নামো কিয়েভকে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করতে চায়। গ্রুপের অপর খেলায় নক-আউট পর্বে যাওয়ার সম্ভাবনা জোরালো করার লক্ষ্য নিয়ে মেকাবি তেল-আবিবের খেলতে যাবে চেলসি। এএফপি/সকারওয়ে।