শিশু শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করলেন নৌকার প্রার্থী

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৯:০৪

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ চলাকালে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চকচুনাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

এলাকাবাসী ও শিশুদের অভিভাবক সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে উপজেলা পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম। তিনি ঘোড়াপাখিয়া ইউনিয়নের চকচুনাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে তাদের মাঝে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ক্লাস না করে তাদের লিফলেট বিতরণ করা দেখতে থাকায় ক্লাসের বিঘ্ন ঘটে বলে এলাকার অভিভাবকগণ জানায়। যা আচরণ বিধি লঙ্ঘনের নীতিমালায় পড়ে।

শুধু তাই নয়, যে কোনো ধরণের শোডাউন আচরণ বিধি লঙ্ঘন হলেও নৌকা প্রতীকের প্রার্থীর মোটরসাইকেল শোডাউন লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে নৌকার প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আমরা গণসংযোগকালে বিদ্যালয়ে টিফিনের সময় শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছি। তাতে আচরণবিধি লঙ্ঘন হয়নি।’

তিনি আরো বলেন, ‘আমার গণসংযোগের সময় এলাকার কিছু মোটরসাইকেল আমার গাড়ির সঙ্গে থাকে। তাতেও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না।’

নির্বাচনী আচরণ বিধি প্রসঙ্গে জানতে চাইলে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আবু রায়হান কুদ্দুস বলেন, ‘কোন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ চলাকালে কোন প্রার্থী কোন গণসংযোগ বা লিফলেট বিতরণ করা এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শোডাউন করা নির্চাচনী আচরণ বিধি লঙ্ঘন। তবে এ ব্যাপারে কোনো প্রার্থী কোনো অভিযোগ না করায় আমরা ওই প্রার্থীর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারছি না।’

আরও পড়ুনঃ ভালুকায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ

উল্লেখ্য, রবিবার সকাল ১১টার সময়ে সকল বিদ্যালয়ে ক্লাস চলছিল।

ইত্তেফাক/নূহু