পিরোজপুরের কাউখালীতে বাসায় ঢুকে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল নয়টার দিকে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
গৃহকর্তা ছরোয়ার হোসেনের স্ত্রী রেহানা আক্তার হ্যাপি জানান, সকাল সাড়ে আটটার সময় তার মা তার বড় সন্তানকে নিয়ে স্কুলে যান। এর কিছুক্ষণ পরে বোরখা পরিহিত অজ্ঞাত তিন নারী বাসার কলিং বেল টেপে। দরজা খুললে তারা সরোয়ারের নিকটাত্মীয় বলে পরিচয় দিয়ে বাথরুমে যেতে চায়। তিনি তাদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়। একজন প্রথমে বাথরুমে ঢুকে কিছুক্ষণ পর বেরিয়ে আসে। এসময় অন্য একজন পুরুষ লোক ঐ ঘরে প্রবেশ করে। তারা দুই বছরের শিশু আরাফাতের গলায় চাকু ধরে কোন প্রকার চিৎকার না করার জন্য বলে। ভয় দেখিয়ে দুর্বৃত্তরা আলমারির চাবি নিয়ে তার হাতমুখ বেঁধে ফেলে। পরে তারা আলমারির মধ্যে থাকা নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে পালিয়ে যায়।
কিছুক্ষণ পর হ্যাপির ভাই আনিছুর রহমান দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে তাকে বাঁধা অবস্থায় দেখতে পান।
কাউখালী থানা উপ-পরিদর্শক মো. ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
