নাগপুরে ভারতের স্পিনে নাকাল হয়ে মাত্র ৭৯ রানে অল আউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় টেস্টের মাত্র দ্বিতীয় দিনেই ২৯৬ রানের লিড নিয়েছে ভারত।
নাগপুরে প্রথম দিনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ভারত মাত্র ২১৫ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানে দু্ই উইকেট হারিয়ে দিন শেষ করে প্রোটিয়ারা। দ্বিতীয় দিন সকালে শুরু হয় ভারতীয় স্পিনারদের তাণ্ডব। প্রথম দিনের রানের সঙ্গে আর ১ রান যোগ করে আরো তিন উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা যা তাদের ‘বিব্রতকর’ এক রেকর্ডও। নিজেদের টেস্ট ইতিহাসে এত কম রানে প্রথম ৫ উইকেট আগে কখনোই হারায়নি দক্ষিণ আফ্রিকা!
IMG0
এর আগে টেস্টে সবচেয়ে কম ১৪ রানে প্রথম ৫ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাও আবার এখন থেকে ১১৩ বছর আগে, ১৯০২ সালে কেপ টাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
শুরুর ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৭৯ রানেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। ফলে প্রথম ইনিংসে ১৩৬ রানের লিড পেয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার ১০ টি উইকেটই নিয়েছেন ভারতীয় স্পিনাররা। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন পাঁচটি আর রবীন্দ্র জাদেজা নিয়েছেন চার উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন অমিত মিশ্র।
IMG1
স্পিনের জাল বিছানো উইকেটে ব্যাট করতে নেমে ভারতও সুবিধা করতে পারেনি। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৬০ রান তুলতেই আট উইকেট পড়ে গেছে স্বাগতিকদের। তবে দ্বিতীয় দিনেই ভারতের ২৯৬ রানের লিড ও স্পিনে দক্ষিণ আফ্রিকার অসহায়ত্ব এটাই নির্দেশ করছে এই ম্যাচে ভারতের জয় অবশ্যাম্ভাবী।
