প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৯ রান সংগ্রহ করেও সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ৬ রানের জয় পেল সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। এই ম্যাচে আবারো তীরে এসে তরী ডুবল সিলেট সুপার স্টার্সের। আরো একবার ব্যাটে-বলে রংপুর রাইডার্সের জয়ের নায়ক সাকিব আল হাসান। সেই সঙ্গে চার ম্যাচে তিনটিতে জয় পেয়েছে সাকিবের দল।
ম্যাচের শুরুতে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ শহীদ। অন্যদিকে সিলেট সুপার স্টার্সের অপর বিদেশি বোলার রবি বোপারা ১ উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ৮ রান।
মন্থর উইকেটে ব্যাটিংয়ে শুরু থেকেই ভুগতে হয়েছে রংপুরের ব্যাটসম্যানদের। অধিনায়ক সাকিব দীর্ঘক্ষণ এক প্রান্ত আগলেছেন। তৃতীয় ওভারে উইকেটে গিয়ে আউট হয়েছেন শেষ ওভারে। তবে গতি পাননি নিজে, পায়নি দলও। শেষ পর্যন্ত ৩৩ করেছেন ৩৭ বলে।
রংপুরের দুই ওপেনার লেন্ডল সিমন্স ও সৌম্য সরকার প্রথম ২ ওভারে তুলেছিলেন ১৭ রান। বাজে শটে সৌম্যের বিদায়ে রংপুরের পথ হারানো শুরু। বিপিএলে টানা চতুর্থ ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ সৌম্য। মোহাম্মদ শহীদকে থার্ডম্যানে গ্লাইড করতে গিয়ে কটবিহাইন্ড হয়েছেন ৭ রানে।
আগের দুই ম্যাচে রান পাওয়া মিঠুন (৪) এবার আউট হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের প্রথম ওভারে। ভালো শুরু করেও রান আউট হয়েছেন জহুরুল ইসলাম (৮), যেটায় আসলে উইকেটে সঙ্গী সাকিবের দায়টাই বেশি। স্বদেশি অজন্তা মেন্ডিসকে টানা দু বলে বিশাল ছক্কা মেরেছেন থিসারা পেরেরা। তবে ডানা মেলতে পারেননি তিনিও (২০ বলে ২১)।
চতুর্থ ম্যাচে এসে এবারের বিপিএলে প্রথম ছক্কা মেরেছেন সাকিব, মিড উইকেট দিয়ে উড়িয়েছেন নাসুমকে। তবে বাকি পুরো সময় লড়েছেন টাইমিং খুঁজে পেতে। শেষ পর্যন্ত আউট হয়েছেন শেষ ওভারে শহীদকে উড়িয়ে মারতে গিয়ে।
শহীদের ইনিংসের ২০তম ওভারে নিয়েছেন ডাবল উইকেট মেডেন, শেষ বলে একটি রান হয়েছে শুধু লেগ বাই থেকে। বিডি নিউজ।
