রংপুরকে হারিয়ে শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৭:২৫
বিপিএলে পরাজয় দিয়ে  শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ শুক্রবার রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 
 
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে কুলাসেকেরার দুর্দান্ত বোলিংয়ে রংপুরকে ৮২ রানে অল আউট করে দেয় কুমিল্লা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে সাকিব বিহীন রংপুরকে ব্যাট করার আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। ফলে অল্প রানে গুটিয়ে যাবার শঙ্কাটা ভালোভাবেই তৈরি হয় তাদের সামনে। 
 
শেষ পর্যন্ত লজ্জাজনক স্কোরেই গুটিয়ে যায় রংপুর। মোহাম্মদ মিথুন ও সাকলাইন সজীব ছাড়া দলের অন্য ব্যাটসম্যানের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। ফলে ইনিংসের শেষ বলে দশম উইকেট হারিয়ে ৮২ রানেই গুটিয়ে যায় রংপুর। মিথুন ২৮ ও সজীব ১১ রান করেন। কুমিল্লার কুলাসেকেরা ১২ রানে ৪ উইকেট নেন। এছাড়া আবু হায়দার ১৫ রানে নেন ২ উইকেট। 
 
জবাবে মাত্র ১১ ওভার ৫ বলে সেই লক্ষ্য পেরিয়ে যায় মাশরাফির দল। দলীয় ২৯ রানে মাহমুদুল হাসানের উইকেটটি হারায়। এরপর মারলন স্যামুয়েলস ও ইমরুল কায়েস বাকি কাজটা সেরে ফেলেন। ইমরুল ২৯ বলে ২৪ ও মারলন স্যামুয়েলস ২৪ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল মাশরাফি নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  ৪ ম্যাচে ৩ জয় নিয়ে কুমিল্লার পয়েন্ট ৬ এবং ৫ ম্যাচে ৩ জয় নিয়ে রংপুরের পয়েন্ট ৬। ক্রিকইনফো।