তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান বলেছেন, তার দেশ আইএস এর কাছ থেকে কখনো তেল ক্রয় করেনি। তিনি বলেন, আইএসের বিরুদ্ধে তুরস্কের অবস্থান খুবই স্পষ্ট। রাশিয়াকে প্রমাণ করতে হবে তুরস্ক আইএসের কাছ থেকে তেল কিনেছে। যদি তারা তা না পারে তবে তারা মিথ্যুক প্রমাণিত হবেন।
বুধবার রাশিয়ার একটি বিমানকে ভূপাতিত করার পর ক্ষুব্ধ রাশিয়া দাবি করে, তুরস্ক আইএসের কাছ থেকে তেল কিনে পরোক্ষভাবে জঙ্গিদের সাহায্য করছে। রাজধানী আংকারায় কর্মকর্তাদের সাথে আলাপকালে এরদোগান বলেন, তুরস্ক তার সীমান্ত এলাকায় তেল চোরাচালান বন্ধে ব্যবস্থা নিচ্ছে।
বুধবারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট বিমান ভূপাতিত করার ঘটনাকে 'পিঠে ছুরি মারা'র সঙ্গে তুলনা করেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসগলু বলেন, তাদের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই কারণ তারা অন্যায় করেনি। তিনি বলেন এ ঘটনার পর তুরস্ক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেছে। এরদোগান বলেন, আইএসের বিরুদ্ধে আমাদের অবস্থান প্রথম থেকেই স্পষ্ট। এব্যাপারে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই।
উল্লেখ্য, সিরিয়ার ব্যাপারে বিপরীত অবস্থান নেয় রাশিয়া ও তুরস্ক। রাশিয়া প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় রাখতে চায় অন্যদিকে তুরস্ক চায় আসাদের পতন। তুরস্কের অন্যতম বাণিজ্যিক অংশীদার ও জ্বালানি সরবরাহকারী দেশ রাশিয়া। সূত্র: আল জাজিরা
