লেস্টার-ম্যান ইউ ড্র, ভার্ডির রেকর্ড

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৩:০৮
 
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের সঙ্গে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচেই এগারো ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন লেস্টারের ফরোয়ার্ড জেমি ভার্ডি।
শনিবার লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
 
ম্যাচের ২৪তম মিনিটে ভার্ডির রেকর্ড গড়া গোলে এগিয়ে যায় লেস্টার। ক্রিস্টিয়ান ফুকচের লম্বা করে বাড়ানো বল প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন ভার্ডি। এরপর ইউনাইটেড গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
 
এই গোলে ১২ বছর আগে ইউনাইটেডের হয়ে রুড ফন নিস্টলরয়ের গড়া রেকর্ড ভাঙেন ভার্ডি। ২০০৩ সালে ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়েছিলেন নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড।
 
প্রথমার্ধের যোগ করা সময়ে বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের গোলে সমতা ফেরায় ইউনাইটেড। ডালে ব্লিন্ডের কর্নারে গতিময় হেডে লক্ষ্যভেদ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় সমতায় শেষ হয় ম্যাচটি।
 
এই ড্রয়ের পর শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লেস্টার। একই দিনে সাউথহ্যাম্পটনের বিপক্ষে জেতা ম্যানচেস্টার সিটি ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে। লেস্টারের পয়েন্ট ২৯ হলেও গোল পার্থক্যে তারা পিছিয়ে আছে। আর ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড।