ডর্টমুন্ডের জয়

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১১:৫৩
জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় আবার জয়ে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড। রবিবার রাতে নিজেদের মাঠে স্টুটগার্টকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
 
ডর্টমুন্ডের জয়ে জোড়া গোল করেছেন পিয়েরে এমেরিক অবামেয়াং। একটি গোল করেন গঞ্জালো ক্যাস্ট্রো। অপর গোলটি আসে স্টুটগার্টের জর্জ নেইদারমেয়েরের আত্মঘাতীতে।
 
টানা চার ম্যাচ জয়ের পর গত সপ্তাহে হামবুর্গের মাঠে হেরে গিয়েছিল ডর্টমুন্ড। এবার স্টুটগার্টকে হারিয়ে আবার পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল তারা।
 
ঘরের মাঠ সিগন্যাল-এডুনা-পার্কে ম্যাচের তৃতীয় মিনিটেই ডর্টমুন্ডকে এগিয়ে দেন গঞ্জালো ক্যাস্ট্রো। ১৯ মিনিটে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন অবামেয়াং।
 
এরপর ৬৫ মিনিটে স্টুটগার্টের নেইদারমেয়ের আত্মঘাতী গোল করে বসলে ৩-০ গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। আর অতিরিক্ত সময়ে নিজের জোড়া গোল পূরণ করে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন অবামেয়াং।
 
এই জয়ে ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ডর্টমুন্ড। এদিকে সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ।