নতুন ‘লুমিয়া ৯৫০’ বাজারে আনল মাইক্রোসফ্ট

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ২১:৫২

অ্যান্ড্রয়েড এবং আইফোনের বাজারে উইন্ডোজ ফোন অনেকটাই পিছনের সারিতে পড়ে গিয়েছে। সেই বাজারই পুরুদ্ধার করতে তত্পইর মাইক্রোসফ্ট। প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে নতুন মডেল লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্স এল নিয়ে এল তারা।


দু’টি মডেলে সামান্য কিছু হেরফের রয়েছে। যেমন ৯৫০ মডেলে স্ক্রিন ৫.২ ইঞ্চি। হেস্কাকোর প্রসেসর। কিউএইচডি ডিসপ্লে, ১৪৪০x২৫৬০ পিক্সেল রেজ্যুলুউশন। এটা সাধারণ এইচডি স্ক্রিনের তুলনায় ৪ গুণ বেশি পরিষ্কার ছবি তুলতে এবং ভিডিয়ো প্লে করতে সক্ষম। এর আগে পর্যন্ত উইন্ডোজ ফোনে সব থেকে বেশি রোজ্যুলুশন ছিল ১০৮০x১৯২০ পিক্সেল।


সেখানে লুমিয়া ৯৫০ এক্স এল-এ ৫.৭ ইঞ্চি স্ক্রিন এবং অক্টাকোর প্রসেসর রয়েছে। কিউএইচডি ডিসপ্লে। দু’টি ফোনেই ২০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। নতুন সংযোজন লিকুইড কুলিং সিস্টেম। অর্থাৎ অনেকক্ষণ ফোন ব্যবহারের পরেও খুব একটা গরম হবে না। ইন্টারনাল মেমরি রয়েছে ৩২ জিবি। ২ টেরাবাইট পর্যন্ত মেমরি বাড়িয়ে নেওয়া যাবে। র‍্যাম ৩ জিবি। এটাও উইন্ডোজ ফোনে এখনও পর্যন্ত সব থেকে বেশি।


ফোনটির বুকিং শুরু হচ্ছে আজ থেকে। আমাজন, রিলায়্যান্স ডিজিটাল এবং মাইক্রোসফ্ট প্রায়োরিটি স্টোরে গিয়ে প্রি-বুকিং করা যাবে। যাঁরা প্রি-বুক করবেন, তাঁদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। ১১ ডিসেম্বর থেকে ফোনটির বিক্রি শুরু হবে। মডেল দু’টির দাম যথাক্রমে ৬৫৪ এবং ৭৪৩ মার্কিন ডলার।