বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে যৌথ বিজসেন কাউন্সিল গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশের পক্ষে এ কাউন্সিলে এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, চিটাগাং চেম্বার, বিকেএমইএ ও বিজিএমইএ’র প্রতিনিধি থাকবেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৫টি দেশের প্রতিনিধি এ কাউন্সিলের সদস্য হবেন।
সোমবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরি মায়াদুর সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যে ট্যারিফ-নন ট্যারিফ সমস্যাগুলো দূরকরণ, দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি, টেলিকম ও রিফাইনারি খাতের উন্নয়ন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে কারিগরি সহায়তা দেবে এ কাউন্সিল।
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের মোট রফতানির ১৭ দশমিক ০৪ শতাংশ ইউরোপীয় ইউনিয়নে রফতানি হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নে রফতানির পরিমাণ আরো বাড়াতে চাই। এ জন্য দুই দেশের বাণিজ্যিক সুসম্পর্ক আরও বাড়তে হবে। বর্তমানে বস্ত্র খাত বাদে জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধাসহ অন্যান্য পণ্য রফতানি সুবিধা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বলে জানান বাণিজ্যমন্ত্রী।
বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরেমায়াদুর সাংবাদিকদের বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্কের উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি করাই এ কাউন্সিল গঠনের মূল উদ্দেশ্য। বর্তমানে ফ্রান্স বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে। প্রয়োজনে স্যাটেলাইট প্রকল্পে এ কাউন্সিল কারিগরি সহায়তা দেবে।
