খাদিজাতুল কোবরার পাঁচ উইকেট দখলের নৈপুণ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪১ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে গেল। আগামীকাল বৃহস্পতিবার সেমিফাইনালে জিম্বাবুয়ের মোকাবেলা করবে জাহানারা আলমের নেতৃত্বাধীন দলটি।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠানরত এ বাছাই টুর্নামেন্টের ফাইনালে উঠলেই বাংলাদেশ দল আগামী বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে বাংলাদেশ দল তিন খেলার সবকটিতেই জয়ী হয়েছে। আগের দুটি জয় ছিল স্বাগতিক থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিরুদ্ধে। স্কটল্যান্ড এই গ্রুপ থেকে শেষ চারে যোগ দেয়া অপর দল। বাছাই পর্বের ফাইনালটি হবে ৫ নভেম্বর।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ দল পুরো ২০ ওভার খেলে এদিন সাত উইকেটে ১০০ রান তোলে। এরপর কোবরা একাই পাপুয়া নিউগিনির ব্যাটিং অর্ডারে ধস নামান। এই অফব্রেক বোলার ১১ রানে পাঁচ উইকেট শিকার করে দলের সহজ জয় নিশ্চিত করেন।
ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে গতকাল টসে হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় নারী ক্রিকেটাররা। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে ১০০’র বেশি সংগ্রহ করা সম্ভব হয়নি দলটির পক্ষে। তাও ফারজানা হক ৩০ বলে ২৮ রান করেছিলেন বলে রক্ষা। তার ইনিংসে ছিল তিনটি চারের মার। তারপরও দলের সংগ্রহ তিন অংকের ঘরে পৌঁছায় শেষদিকে নিগার সুলতানা (১৮ বলে ১৪ রান), রিতু মনি (১২ বলে অপরাজিত ১৩) ও অধিনায়ক জাহানারা আলমের (৪ বলে অপরাজিত ১০) প্রয়াসে।
এরপরই কোবরার ঘূর্ণিবলে ৫৯ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি। কোবরা চার ওভারে ১১ রান খরচায় পাঁচ উইকেট নিয়ে এদিন ম্যাচ সেরার পুরস্কারও জিতেন। লেগব্রেক বোলার রুমানা আহমদ নেন তিন উইকেট। পাপুয়া নিউগিনির হয়ে দুই অংকের ঘরে পৌঁছাতে সক্ষম হন রুমা (১২) এবং ফ্রাঙ্ক (১৩)।
এদিকে দিনের অপর খেলায় জিম্বাবুয়ে সাত উইকেটে হেরে ‘বি’ গ্রুপ রানার্স আপ হিসেবে বাংলাদেশের মুখোমুখি হয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয় আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১০০/৭ (ফারজানা হক ২৮, রিতু মনি ১৩*)।
পাপুয়া নিউ গিনি: ৫৯/১০ (ফ্রাঙ্ক ১৩* রুমা ১২ ; খাদিজাতুল কোবরা ১১/৫)
