দাপুটে জয়ে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১২:৩৭

টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে বোলারদের দাপটে ৩১ রানে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি নিশ্চিত করেছে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।  

ব্যাংককে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। ব্যাট করে খুব বেশি সুবিধা করতে পারেনি জাহানারা আলমরা, ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। কিন্তু বল হাতে দারুণভাবে চেপে ধরে প্রতিপক্ষকে।

৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। ৪৪ রানেই মধ্যেই তারা হারিয়ে বসে আট-আটটি উইকেট। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৫৮ রান তুলতেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ের নারীরা। ৪টি উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। দুটি করে উইকেট নিয়েছেন শায়লা শারমিন ও ফাহিমা খাতুন। অন্য দুইজন রান আউট হন।

মাত্র ৫৮ রানে জিম্বাবুয়ের ইনিংসকে গুড়িয়ে দিয়ে ৩১ রানের জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেল বাংলাদেশের মেয়েরা।

বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের  প্রথমটিতে ৭৩ রানে জিতেছিল তারা। বাকি দুটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায়।