বিচারপতি টিএস ঠাকুর ভারতের ৪৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। আজ সকালে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেন। এ সময়ে অন্য গণ্যমান্যদের মধ্যে দেশটির উপ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।
এর আগে ভারতের প্রধান বিচারপতি ছিলেন এইচ এল দাত্তু। কাল ছিল তাঁর শেষ কার্যদিবস। টিএস ঠাকুর ১৯৫২ সালের ৪ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের রামবন জেলার বাত্রুতে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের জানুয়ারিতে তার অবসরে যাওয়ার কথা।
ঠাকুর জম্মু ও কাশ্মীরে তার পিতা ডি ডি ঠাকুরের ল চেম্বারে ক্যারিয়ার শুরু করেন। তার পিতা ছিলেন আসাম ও অরুণাচল প্রদেশের সাবেক রাজ্যপাল। চলতি বছরের জানুয়ারিতে আইপিএলের স্পট ফিক্সিং নিয়ে তার বেঞ্চের দেয়া রায়ের কারণে ভারত ক্রিকেট প্রশাসন দুর্নীতিমুক্ত হয়। বাসস।
