পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিতের দাবি যুক্তরাষ্ট্র প্রবাসীদের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৮
একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হওয়ার পর পাকিস্তান সরকারের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজ। অযাচিত হস্তক্ষেপ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থগিত করারও দাবি জানান তারা।
 
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে (খাবার বাড়ি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
 
নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্লাটফরম ‘এলায়েন্স অব বাংলাদেশি আমেরিকান’ এর ব্যানারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা (সার্ক) থেকে পাকিস্তানকে বহিষ্কার, একাত্তর সালে গণহত্যার দায় স্বীকার করতে
 
পাকিস্তানকে বাধ্য করা, পাক হানাদার বাহিনীর ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনা, পাকিস্তানের কাছে ন্যায্য হিস্যার অর্থ ফিরিয়ে আনা এবং একাত্তরে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে পাকিস্তান সরকারের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে ৮ ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্কে পাকিস্তান কনস্যুলেটের সামনে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির প্রতি আহ্বান জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ড. প্রদীপ রঞ্জন কর ও মুজাহিদ আসনারী।
এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, হিরু ভূইয়া, ডা. মাসুদুল হাসান, মোর্শেদা জামান, গোপাল স্যানাল, স্বীকৃতি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।