সীমান্তবিরোধের জেরে কুটনৈতিক পর্যায়ে শীতল সম্পর্ক থাকায় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের এনডিএ সরকার নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ আয়োজনে বিসিসিআই’র প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছে।
হিন্দুস্তান টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের জনগণের মনোভাব বিবেচনা করে ভারত সরকার দ্বিপাক্ষিক সিরিজ অনুমোদনের পক্ষে নয়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক উর্ধ্বতন কর্মকর্তা হিন্দুস্তান টাইমস পত্রিকাকে বলেন, ‘পার্শ্ববর্তী দেশটি ভারত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এই মুহূর্তে দেশের জনগণের মনোভাব পাকিস্তানবিরোধী বলে সরকার আমাদেরকে একটা ইঙ্গিত দিয়েছেন। অবশ্য প্রস্তাবিত এ সিরিজ শুরু হতেও বাকি আছে মাত্র কয়েকদিন। সরকার যদি চাইত আমরা খেলি, তবে অনেক আগেই আমরা সবুজ সংকেত পেতাম। তাই আমি মনে করছি না সিরিজটি হচ্ছে’।
বোর্ড সম্পাদক অনুরাগ ঠাকুর বলেন, ‘আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।
শ্রীলংকার মাটিতে পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত একটি ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে অনুমতি চেয়ে সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল বিসিসিআই। প্রস্তাবিত এ সিরিজ খেলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ইতোমধ্যেই পিসিবিকে সবুজ সংকেত দিয়েছেন।
বিসিসিআই কর্মকর্তা ও আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা ইতোমধ্যেই ইন্দো-পাক সিরিজের পক্ষে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন। তবে ভারত সরকার তার বিবৃতিকে ভালভাবে নেয়নি বলেও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাসস
