রাশিয়ার নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে ইসলামিক স্টেটের (আইএস) ১০ জঙ্গির একটি গ্রুপ থাইল্যান্ডে প্রবেশ করেছে। মস্কোর শীর্ষ গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে দেশটিকে সতর্ক করেছে। গতকাল শুক্রবার থাই পুলিশ একথা জানিয়েছে। এ সংক্রান্ত ফাঁস হওয়া একটি চিঠি বৃহস্পতিবার রাতে স্থানীয় সংবাদ মাধ্যমে ফলাও প্রচার করা হয়। থাইল্যান্ডের স্পেশাল ব্রাঞ্চের উপ প্রধানের স্বাক্ষর করা এ চিঠির উপরে ‘গোপনীয়’ ও ‘জরুরী’ লেখা ছিল। খবর এএফপির।
এতে বলা হয়, মস্কোর ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) থাই পুলিশকে জানায় যে, ইসলামিক স্টেটের ১০ জঙ্গি ১৫ থেকে ৩১ অক্টোবরের মধ্যে থাইল্যান্ডে প্রবেশ করেছে। রাশিয়ার পর্যকটকদের কাছে বিশেষ করে বড়দিন ও নববর্ষের ছুটিতে থাইল্যান্ড হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় অবকাশ কেন্দ্র। রাশিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে ওই চিঠিতে বলা হয়, ‘তারা (সিরিয়ার নাগরিক) পৃথকভাবে থাইল্যান্ডে প্রবেশ করেছে। এদের মধ্যে চারজন পাতায়া, দু’জন ফুকেট, দু’জন ব্যাংকক এবং অপর দু’জন অজ্ঞাত স্থানে প্রবেশ করেছে।’
সন্দেহভাজনদের নাম উল্লেখ না করে ওই চিঠিতে আরো বলা হয়, ‘তাদের লক্ষ্য হচ্ছে রাশিয়ার নাগরিক ও তাদের স্বার্থের ক্ষতি করা।’ থাই পুলিশের একজন উপ মুখপাত্র বলেন, ‘চিঠির খবর সত্যি।’ উল্লেখ্য, রাশিয়া গত সেপ্টেম্বর মাসে আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করে।
