টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচে দুই উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সেমিফাইনালে জিম্বাবুয়েকে হারিয়ে আগেই ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে রেখেছে বাংলাদেশের মেয়েরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জাহানারা আলম। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১০৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ বল পর্যন্ত খেলতে হয় আয়ারল্যান্ডকে। শেষ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল আট রান। সালমা খাতুনের করা সেই ওভার থেকে লরা ডেলানি সেই রান তুলে নেন। ২৬ রানে অপরাজিত ছিলেন। ওপেনার সিসিলা জয়েস সর্বোচ্চ ৩২ রান করেছেন। বাংলাদেশের রুমানা আহমেদ ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন।
ইতিমধ্যে বাংলাদেশ ও আয়ারল্যান্ড বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। তারপরও মর্যাদার লড়াই হিসেবে আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিবে আয়ারল্যান্ড।
