'ক্যালিফোর্নিয়ায় হামলাকারীদের একজন আইএস সমর্থক'

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৮:২৬
 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি পার্টিতে নির্বিচারে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যাকারী দম্পতির একজন ইসলামিক স্টেট (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ওই পার্টি চলাকালে বন্দুক হামলার ঘটনাটি ঘটে।
 
তদন্তে যুক্ত কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ড চালানোর সময় ফেসবুকে এক পোস্টে তাশফিন মালিক আইএসের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন।
 
বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনো শহরের ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে এক পার্টিতে রাইফেল নিয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি চালান তাশফিন (২৭) ও তার স্বামী রিজওয়ান ফারুক (২৮)। এতে ১৪ জন নিহত ও ২১ জন আহত হন।
হামলার পরপরই পুলিশের অভিযানে ব্যাপক গোলাগুলির মধ্যে বন্দুকধারী ওই দম্পতি নিহত হন। পরে রিজওয়ান-তাশফিন দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র এবং কয়েক হাজার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।