সোমবার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফের বহিষ্কার দাবিতে রবিবার ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমর্থিত ছাত্রলীগের অপর অংশ।
 
অপরদিকে এদিন ‘সাধারণ শিক্ষার্থী পরিষদ’র ব্যানারে আলিফের বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি পালন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বারকলিপি দিয়েছে ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী সমর্থিত ছাত্রলীগ নেতা-কর্মীরা।
 
এছাড়াও ধর্মঘটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়।
 
‘সাধারণ শিক্ষার্থী পরিষদ’র আহ্বায়ক মহিউদ্দিন জুয়েল ও সদস্য সচিব মহিউদ্দিন চৌধুরী নাবিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিইচ্ছুদের শুভেচ্ছায় ছাত্রলীগের স্বাগত মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফের নেতেৃত্বে শিক্ষক ও ছাত্রদের মারধর করায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আলিফের বহিষ্কার ও বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে প্রশাসনকে  ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। দৃশ্যমান কোন পদক্ষেপ না নেয়ায় সোমবার থেকে বিশ্ববিদ্যালয় থেকে সভাপতির বহিষ্কার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়া হল।