নির্বাচন কমিশন (ইসি) পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকার দলীয় তিন সংসদ সদস্যকে কারণ দর্শানোর নোটিস দিচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো হলো, মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারণামূলক কাজ অংশগ্রহণ।
এরই মধ্যে ঢাকা-২০, নাটোর-২ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্যদের কারণ দর্শানোর নোটিসে স্বাক্ষরও হয়ে গেছে। এই তিন সংসদ সদস্যকে তিন দিনের মধ্যে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য ইসিকে পেশ করতে হবে।
ওই চিঠির খসড়ায় লেখা রয়েছে, ‘কয়েকজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করেছেন, ভবিষ্যতে এ আচরণবিধি যাতে লঙ্ঘন না করে সে বিষয়ে অবহিত করার প্রয়োজনী নির্দেশনা দিতে ইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হল।’
দলভিত্তিক পৌর নির্বাচনে মনোনয়ন বাছাই শেষ হওয়ার পর আচরণবিধি নিয়ে কঠোর এই উদ্যোগ নিল নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম রাতেই ওই তিন সংসদ সদস্যকে ওই নোটিস পাঠানো হচ্ছে জানিয়ে বলেন, সোমবার আরো কয়েকজন সংসদ সদস্যকে শোকজ করা হবে।
তিনি আরো জানান, মন্ত্রী, এমপিসহ সংশ্লিষ্ট সুবিধাভোগী ব্যক্তিদের আচরণবিধি প্রতিপালনের বিষয়ে স্মরণ করিয়ে দিতে স্পিকার ও মন্ত্রিপরিষদ বিভাগেও আনুষ্ঠানিক চিঠি দেয়া হচ্ছে। স্পিকারের মাধ্যমে সংসদ সচিব ও মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে সংসদ সদস্য এবং মন্ত্রীদের অবহিত করবেন।
