ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলায় শনিবার রাতে অতিরিক্ত যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ১১ নারীসহ অন্তত ১৮ জন প্রাণ হারায় ও আরো ১৬ জন আহত হয়। রাজস্থানের পুলিশ কর্মকর্তারা জানান, প্রতাপগড়ের ছোটি সাদরির ধোলাপানি এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। এক খবরে ফরাসি বার্তা সংস্থা এএফপি এমনটি জানায়।
স্থানীয় শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ভ্যানটি উল্টে যায়। এই ঘটনায় আহতদের নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
রাজ্য সরকার তাৎক্ষণিকভাবে এই ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার রুপী করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস
